সৌদিতে ২২ দিন ধরে নিখোঁজ মাদারগঞ্জের প্রবাসী রুবেল
- প্রকাশ : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে
সৌদিতে ২২ দিন ধরে মাদারগঞ্জের প্রবাসী নিখোঁজ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি এলাকার এক প্রবাসী যুবক সৌদি আরবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ প্রবাসীর নাম রুবেল মন্ডল। তিনি স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মন্ডলের ছোট ছেলে। পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারি জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে মক্কা শহরের একটি ক্লিনিকে কর্মরত ছিলেন।
গত ১৬ এপ্রিল বিকেল থেকে হঠাৎ করেই রুবেলের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেও এখনো তার কোনো সন্ধান পাননি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। গুজব ছড়ানোয় পরিবার আরও বেশি দুশ্চিন্তায় পড়েছে।
রুবেলের পরিবার জানান, “আমরা এখনো নিশ্চিত না সে বেঁচে আছে নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা সবার কাছে অনুরোধ করছি—যে কোনো তথ্য পেলে আমাদের জানান।”
স্থানীয়রা দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত নিখোঁজ প্রবাসীর সন্ধান পাওয়া যায়।
মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।











